ডট বিডি ডিএনস-এ ত্রুটি, বিকল্প ডিএনএস ব্যবহার

৩ এপ্রিল, ২০২৪ ১০:০৮  

মঙ্গলবার থেকে বাংলাদেশের স্বকীয় পরিচয়ের সরকারি-বেসরকারি ওয়য়েবসাইটে প্রবেশ বাধার সম্মুখিন হচ্ছেন ব্যবহারকারীরা। বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল) নিয়ন্ত্রিত তিনটি ডোমেইন সার্ভারে হঠাৎ করেই ত্রুটি দেখা দেয়ায় রাত থেকেই এই সমস্যা দেখা দিচ্ছে বলে জানা গেছে।

সূত্র মতে বিটিসিএল প্রকৌশলীরা এরই মধ্যে ত্রুটি সারাইয়ের কাজ শুরু করেছেন। বুধবার সাড়ে ১১টা নাগাদ সমস্যার সম্পূর্ণ সমাধান হবে বলে আশা করছে সংস্থাটি।

তবে একটি বেসরকারি ব্যাংকে কর্মরত নেটওয়ার্ক অ্যাডমিন ডট বাংলা ডোমেইনে প্রবেশে বিকল্প ডিএনএস হিসেবে 8.26.56.26 ব্যবহারের পরামর্শ দিয়েছেন। এই ডোমেইন ঠিকানা ব্যবহার করে অনেকেই প্রয়োজনীয় কাজ সারছেন বলে জানাগেছে।

সূত্র মতে, অনলাইন বিশ্বে বাংলাদেশের ভার্চুয়াল জাতীয় পরিচয়ের রুট ডোমেইন নেটওয়ারর্ক সিস্টেমে (ডিএনএস) ত্রুটি দেখা দেয় মঙ্গলবার রাত থেকে। ফলে রাত থেকে বুধবার সকাল পর্যন্ত ডট গভ ডট বিডি, ডট কম ডট বিডি এবং ডট বাংলা এই তিনিটি ডোমেইনে থাকা সরকারি-বেসরকারি ওয়েবসাইটগুলো অনলাইনে ‘আন অ্যাভেইলেবেল’ দেখায়। কখনো একটি দেখায় তো অন্যটিতে প্রবেশ করা সম্ভব হয় না। তবে সকাল থেকে পরিস্থিতি কিছুটা শিথিল হতে শুরু করে।

এ নিয়ে বিটিসিএল এর গণমাধ্যম মুখপাত্র মীর মোহাম্মাদ মোরশেদ জানিয়েছেন, সার্ভারে কারিগরি ত্রুটির সমাধানে প্রকৌশলীরা কাজ করছেন। অল্প সময়ের মধ্যেই সমস্যার সমাধান হয়ে যাবে। ডট বাংলা পুরোপুরি ওকে আছে। ডটকম ডট বিডিও সকাল নাগাদ সচল হয়েছে। যে কোনো সময় ডট বিডিও পুরোপুরি লাইভ হয়ে যাবে।

সূত্রমতে, যেসব ওয়েবসাইটের শেষে ডট গভ ডট বিডি, ডট বাংলা বা ডট কম ডট বিডি রয়েছে সেগুলো বিটিসিএলের সার্ভার থেকে নিয়ন্ত্রণ করা হয়। দেশের প্রায় সবগুলো মন্ত্রণালয়ের ওয়েবসাইট এসব ডোমেইন দিয়ে বানানো। ফলে সেগুলোতে প্রবেশ করতে পারছেন না ব্যবহারকারীরা। এ ছাড়া ই-কমার্স প্রতিষ্ঠান দারাজ, ইভ্যালি ও সংবাদ সংস্থা ইউএনবিসহ বহু বেসরকারি ওয়েবসাইট এসব ডোমেইন দিয়ে নিয়ন্ত্রণ করায় সেগুলোতেও প্রবেশ করা যাচ্ছে না।